চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেকে) এমবিবিএস ৬৮তম ব্যাচের শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বোন্স বিতরণ করেছে সিএমসি বোন্স ব্যাংক। মঙ্গলবার (১২ মে) চমেক লোয়ার লেকচার গ্যালারিতে এই বোন্স বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.আবদুস সাত্তার, এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ইসরাত জাহান, বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাইমা তাসনিম এবং ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শাহীন আক্তার।
বিনামূল্যে বোন্স পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেন শিক্ষার্থীরা। এ সময় তারা দেশের সকল মেডিকেল কলেজে বোন্স বিতরণ করার দাবি তুলেন।
বোন্স বিতরণ বিষয়ে আয়োজকরা বলেন, দুইটি প্রধান বিষয়কে মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমত শিক্ষার্থীদের আর্থিক দিক বিবেচনায় রাখা, দ্বিতীয়ত বোন্স ক্রয় বিক্রয়ের হারাম রীতি থেকে শিক্ষার্থীদের বিরত রাখা।
তারা বলেন, পরবর্তী সেশন থেকে কলেজের শতভাগ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বোন্স বিতরণ করা হবে।
প্রসঙ্গত, গত বছর ৭০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বোন্স বিতরণের মাধ্যমে সিএমসি বোন্স ব্যাংকের যাত্রা শুরু হয়।
সিকান্দার আবু সাইম